ইতালির লিগুরিয়া অঞ্চলের সান্তা মার্গেরিটা লিগুরে উপকূলে এক বিরল ও চমকপ্রদ দৃশ্য দেখা গেছে। আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা অ্যাকুওয়েদারের (AccuWeather) এক টুইটারে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড ঝড়ের সময় বিশাল আকৃতির শিলাবৃষ্টি সমুদ্রের জলে আছড়ে পড়ছে, যা তৈরি করছে অস্বাভাবিক ঢেউ ও জলোচ্ছ্বাস। এই ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে এবং আবহাওয়া বিশেষজ্ঞদের নজর কেড়েছে।
ঘটনাটি ঘটেছে যখন ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহের পর হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটে। গত কয়েক সপ্তাহ ধরে রেকর্ড তাপমাত্রার পর ইতালি জুড়ে শুরু হয় প্রবল বজ্রঝড় ও শিলাবৃষ্টি। আবহাওয়াবিদদের মতে, জুলাই মাসের সপ্তম ঘূর্ণিঝড়টি ২৫ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে ইতালির বিভিন্ন অংশে তাণ্ডব চালায়। বিশেষ করে লিগুরিয়ার পূর্ব উপকূল, তুসকানি ও লাৎসিও অঞ্চলে সবচেয়ে তীব্র আঘাত হানে এই ঝড়।
সরকারি আবহাওয়া সতর্কীকরণ সংস্থা আর্পাল (Arpal) লিগুরিয়ার প্রায় পুরো অঞ্চলে হলুদ সতর্কতা (ইয়েলো অ্যালার্ট) জারি করে। শনিবার রাত থেকে শুরু হওয়া এই বজ্রঝড়ের সময় ব্যাপক বজ্রপাত, শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়। কিছু এলাকায় এক ঘণ্টায় ৮০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আবহাওয়াবিদ লরেঞ্জো তেদিচি (Lorenzo Tedici) জানিয়েছেন, এই ঝড়ের এত তীব্রতার মূল কারণ ভূমধ্যসাগরের অস্বাভাবিক উষ্ণ জলরাশি। লিগুরিয়ার উপকূলে সমুদ্রের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা কিউবা ও ক্যারিবিয়ান অঞ্চলের জলবায়ুর কাছাকাছি।
সান্তা মার্গেরিটা লিগুরের এই ভিডিওতে দেখা যাচ্ছে, বিশাল বরফের টুকরো যখন সমুদ্রের বুকে আছড়ে পড়ছে, তখন সেটি যেন এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি করছে। অ্যাকুওয়েদারের টুইটার পোস্টটি ইতিমধ্যেই প্রায় ১০ হাজার বার দেখা হয়েছে এবং ব্যাপক সাড়া ফেলেছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ঝড়ের পরিস্থিতি স্বল্পস্থায়ী হলেও আগামী ২৯ জুলাই থেকে আবারও তাপপ্রবাহ শুরু হতে পারে, যা চলতি বছরের চতুর্থ তাপপ্রবাহ হবে। ইতালির বিভিন্ন অঞ্চলে এখনও বজ্রঝড়ের সতর্কতা বহাল রয়েছে, তবে লিগুরিয়ায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।